বিজনেস অ্যানালাইসিস

ব্যবসা শুরুর আগে যে ৫টা প্রশ্নের উত্তর লিখে ফেলবেন

দোকান ভাড়া, interior বা মাল কেনার আগে এই পাঁচটা উত্তর কাগজে না থাকলে, শিখবেন টাকা খরচ করে। একটা রেস্তোরাঁকে এক outlet থেকে আটটায় নেওয়ার অভিজ্ঞতা থেকে।

ব্যবসার সবচেয়ে দামি ভুলগুলো হয় প্রথম টাকা খরচের আগে। যে প্রশ্নগুলো তখন করা হয়নি, সেগুলোর উত্তর পরে কিনতে হয় লোকসান দিয়ে।

একটা রেস্তোরাঁ ব্র্যান্ডকে এক outlet থেকে আটটায় নিতে গিয়ে আমরা একটা নিয়ম মেনেছিলাম: কোনো outlet এর জন্য একটা টাকাও খরচের আগে লিখে ফেলা — জায়গাটা কতজনকে সার্ভ করবে, কী যন্ত্র আর কতজন লোক লাগবে, আর বাজেট কত। নিচের পাঁচটা প্রশ্ন সেই নিয়মেরই ছোট ব্যবসার রূপ। প্রতিটার শেষে লেখা আছে, উত্তরটা কেমন দেখতে হবে।

১. আপনি কোন সমস্যার সমাধান বিক্রি করছেন?

"অনলাইনে কাপড় বেচব" — এটা পণ্য, সমস্যা না। সমস্যা হলো: "অফিসে যাওয়া মেয়েরা ১৫০০ টাকার মধ্যে ভালো মানের কুর্তি খুঁজে পান না, দোকানে দোকানে ঘুরতে হয়।"

সমস্যা নির্দিষ্ট হলে বাকি সিদ্ধান্ত নিজে থেকেই আসে: কী রাখবেন, দাম কত, বিজ্ঞাপন কাকে দেখাবেন।

উত্তর যেমন হবে: এক বাক্য, যাতে একজন নির্দিষ্ট মানুষ আর তার একটা নির্দিষ্ট কষ্ট আছে।

২. এই সমস্যা আছে, এমন ১৫ জনের সাথে কথা বলেছেন?

বন্ধু আর পরিবার না — সম্ভাব্য ক্রেতা। তিনটা প্রশ্ন করুন:

  • এখন সমস্যাটা কীভাবে সামলান?
  • শেষবার কবে, কত টাকা খরচ করেছেন এর পেছনে?
  • কী থাকলে অন্য কোথাও থেকে কিনতেন?

"আইডিয়াটা ভালো" কথার কোনো দাম নেই। "গত মাসে এর পেছনে ২২০০ টাকা খরচ করেছি" কথার আছে।

উত্তর যেমন হবে: ১৫টা কথোপকথনের নোট, যেখানে অন্তত অর্ধেক মানুষ সমস্যাটার পেছনে এখনই টাকা বা সময় খরচ করছেন।

৩. মাসে কত বিক্রি না হলে লোকসান?

এটাই break-even। বেশিরভাগ নতুন উদ্যোক্তা এই সংখ্যা না জেনেই শুরু করেন, অথচ হিসাবটা এক লাইনের:

মাসিক স্থির খরচ ÷ প্রতি বিক্রিতে আসল লাভ = মাসে ন্যূনতম বিক্রি

একটা উদাহরণ: ভাড়া, বেতন আর বিল মিলিয়ে মাসে ৬০,০০০ টাকা। একটা কুর্তি ১৪০০ টাকায় বেচলে কেনা, packaging, delivery আর বিজ্ঞাপনের খরচ বাদে থাকে ৩০০ টাকা। তাহলে মাসে ২০০টা বিক্রি না হলে লোকসান — দিনে প্রায় ৭টা।

এবার প্রশ্ন ২ এর নোট খুলুন: দিনে ৭টা বিক্রি কি বাস্তব?

Stallo তে প্রতিটা outlet এর বাজেট এভাবেই চাহিদা থেকে বানানো হতো — fit-out, যন্ত্রপাতি, প্রযুক্তি আর launch আলাদা করে। ফলে প্রস্তাব নিয়ে তর্ক হতো সংখ্যা দিয়ে, আশা দিয়ে না।

উত্তর যেমন হবে: একটা সংখ্যা — মাসে কতগুলো বিক্রি — আর তিনটা অনুমান: খারাপ, মাঝামাঝি, ভালো।

৪. পুরো টাকা ঢালার আগে কীভাবে পরীক্ষা করবেন?

দোকান ভাড়ার আগে একটা Facebook page আর ২০টা পণ্য দিয়ে এক মাস চালান। লক্ষ্য লাভ না — প্রশ্ন ২ আর ৩ এর অনুমান যাচাই।

সবচেয়ে জরুরি অংশ: থামার নিয়ম লিখুন পরীক্ষার আগে। যেমন: "৩০ দিনে ৬০টা অর্ডার না এলে দোকান ভাড়া নেব না, আগে দাম বা পণ্য বদলাব।" পরে লিখলে মন সবসময় এগোনোর একটা অজুহাত খুঁজে নেবে।

উত্তর যেমন হবে: পরীক্ষার সময়সীমা, খরচের সীমা, আর একটা লিখিত "থামব, যদি…" নিয়ম।

৫. একটা অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে যায়?

অর্ডার আসা থেকে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটা ধাপ লিখুন — কে করবে, কতক্ষণে, কী দিয়ে। এটাই আপনার প্রথম SOP।

এটা না থাকলে ব্যবসা চলে কর্মীদের স্মৃতিতে। প্রথম outlet টা ঠিক এভাবেই চলেছিল; আটটা চালাতে সেই স্মৃতি কাগজে নামাতে হয়েছিল। যে ব্যবসা লেখা প্রক্রিয়ায় চলে, শুধু সেটাই দ্বিতীয় শাখা বা দ্বিতীয় কর্মী সামলাতে পারে।

উত্তর যেমন হবে: এক পাতার একটা তালিকা, যা দেখে নতুন একজন কর্মী প্রথম দিনেই একটা অর্ডার সামলাতে পারবেন।

এক পাতায় পাঁচটা উত্তর

প্রশ্ন যা লিখে ফেলবেন
কোন সমস্যা? এক বাক্যের সমস্যা
সমস্যাটা আসলেই আছে? ১৫টা কথোপকথনের নোট
কত বিক্রিতে টিকবেন? মাসিক break-even সংখ্যা
কীভাবে পরীক্ষা করবেন? সময়, বাজেট, আর থামার নিয়ম
ব্যবসা কীভাবে চলবে? এক পাতার অর্ডার-প্রক্রিয়া

পাঁচটা উত্তর লিখতে এক সপ্তাহ লাগে। না লিখলে একই শিক্ষা কিনতে হয় অনেক বেশি দামে।